গাজায় যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের অবস্থান বদল, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস


গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের দিন আজ সোমবার পরিষদের সদস্যরা নীরবে দাঁড়িয়ে মস্কোয় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান


গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আগেও কয়েক দফায় হয়েছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে সেগুলো আটকে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলা হয়েছিল। তবে সেই প্রস্তাবে ইসরায়েলের পক্ষে যায় উল্লেখ করে তাতে ভেটো দেয় রাশিয়া ও চীন। এরপর এই প্রথম জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান–সংবলিত প্রস্তাব পাস হলো।


ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। আজ সোমবার এ প্রস্তাব পাস হয়। আগের অবস্থান বদলে আজকের প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলো। যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি দশায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।


গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় তাদের হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


আরও পড়ুন>>